কবরের পাশে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ীর প্রাণ নিল দুর্বৃত্তরা
যশোর শহরের খড়কি ধোপাপাড়া এলাকায় এক এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতের নাম এরফান হোসেন। ২৮ বছর বয়সী এরফান খড়কি ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। খড়কি দক্ষিণপাড়ায় তার মুদি দোকান রয়েছে।
চা দোকানি আব্দুল আজিজ বলেন, বিকেলে কবরস্থানের পাশে দাঁড়িয়ে ছিলেন এরফান। এ সময় তার বুকে ছুরি মেরে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে এরফানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে দুর্বৃত্তদের চিনতে পারিনি আমি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে তিনি মারা যান।
নিহতের মামাতো ভাই আব্দুস সোবহান বলেন, কারো সঙ্গে এরফানের বিরোধ নেই। কী কারণে তাকে হত্যা করা হয়েছে আমরা জানি না।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, কী কারণে কারা তাকে হত্যা করেছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।