কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আরো এক শিক্ষার্থীর মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসা শিক্ষার্থী সাকিবের মৃত্যুর পর গুরুতর আহত শিশু শিক্ষার্থী জুনায়েদেরও মৃত্যু হয়েছে। রোববার ভোর ৪টায় ঢাকার উত্তরা আর্ক হাসাপাতালে চিকিৎসাধীন (আইসিউতে) অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জুনায়েদ (১১) উপজেলার ধানখালী ইউপির পাচজুনিয়া গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে আশঙ্কাজনক অবস্থায় জুনায়েদকে বরিশাল সেবাচিমে প্রেরণ করেন কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক। পরে বরিশাল থেকেও তাকে ওই রাতেই ঢাকায় প্রেরণ করা হয়।
.png)
উল্লেখ্য, শুক্রবার রাতে কুয়াকাটায় ভ্রমণ শেষে সফরসঙ্গী জুনায়েদকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাকিব। পথিমধ্যে টিয়াখালী ইউপির সিক্সলেন সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টে ধাক্কা লাগলে দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরে দু’দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার ভোরে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, শিশু শিক্ষার্থী জুনায়েদ চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে বলে শুনেছি। আমরা স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।