ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১০, ৩০ ডিসেম্বর ২০২২
চকরিয়ায় বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদের ইউনিয়ন বদরখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম পুকপুকুরিয়া এলাকায় বসতবাড়ির চলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি বসতবাড়ির সব মালামাল পুড়ে গিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া এলাকায় মোজাহের আহমদের ছেলে আবদুল কাদেরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন তার বাড়ির পাশের মৃত নুরুল আমিনের তিন ছেলে মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ এরশাদ ও সোহেল মিয়ার বাড়িতে ছড়িয়ে পড়ে। 

Advertisement

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। পাশাপাশি চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের একাধিক বসতবাড়ি অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পায়। তবে আগুনে চারটি বাড়ির সব মালামাল পুড়ে যায়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি বসতবাড়ির সব মালামাল পুড়ে গিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক ঘটনাটি চকরিয়ার ইউএনও জেপি দেওয়ানকে জানানো হয়। তিনি (ইউএনও) উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১৮টি কম্বল, ছয় কার্টন কাপড়, বেশকিছু শুকনো খাবার ও সয়াবিন তেল সহায়তা হিসেবে দিয়েছেন।

চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান বলেন, অগ্নিকাণ্ডে বদরখালীতে চার পরিবারের বসতবাড়ি পুড়ে যাওয়ায় বিষয়টি শুনে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন থেকে বেশকিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আরো সহায়তা করা সম্ভব হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!