ভুয়া প্রেমের সম্পর্ক গড়ে কলেজছাত্রীর ‘সর্বনাশ’ করতেন আবু হুরেক
বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় আবু হুরেক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। নরসিংদী শহরের বাজির মোড় নিরালা হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু হুরেক নরসিংদী সদর থানার মধ্যশীলমান্দি গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু হুরেক একজন পেশাদার যৌন অপরাধী। তিনি ফেসবুকে এক কলেজছাত্রীর সঙ্গে ভুয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই কলেজছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুয়া প্রেমিক আবু হুরেক দুই বছর ধরে একাধিকবার ধর্ষণ করেন। একাধিকবার বিয়ের কথা বললেও তিনি বিয়ে করতে রাজি হননি। তাই নির্যাতিতা আত্মহত্যার কথা ভাবছিলেন। কোনো উপায় না পেয়ে ওই কলেজছাত্রী বৃহস্পতিবার আবু হুরেককে আসামি করে নরসিংদী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এরই পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল শুক্রবার দুপুরে সদর থানার বাজির মোড় নিরালা হোটেল থেকে আবু হুরেককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও ১টি সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তাস্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, আবু হুরেক পেশাদার যৌন অবরাধী। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়।