ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ৩১ ডিসেম্বর ২০২২
সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে শুক্রবার রাত ১টার দিকে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ দুই নৌ-রুটে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।

Advertisement

আরিচা কার্যালয় বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম রহমান বলেন, শুক্রবার রাত ১টা থেকে ঘন কুয়াশায় নৌপথ দেখা না গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমতে থাকলে সকাল সাড়ে ১০টার দিকে দুই নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দীন বলেন, সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পণ্যবাহী ট্রাক ও কিছু যাত্রীবাহী বাস এখন সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!