বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন এলাকায় মধু তৈরির কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সাজাপ্রাপ্ত কারিগরের নাম শাহাজাহান গাজী। তিনি দীর্ঘদিন ভেজাল মধু তৈরির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এছাড়া ঐ প্রতিষ্ঠানের মালিক নুর ইসলাম মুকুল পালিয়ে যান।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, নুর ইসলাম মুকুলের পিটিআই মাঠের পূর্বপাশে একটি ভেজাল মধু তৈরির কারখানা রয়েছে। মাস খানেক আগে তিনি জনৈক নওশের আলীর কাছ থেকে ঘর ভাড়া নেন। সেখানে চিনি, পানি, ফিটকারির সঙ্গে রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল মধু তৈরি করা হতো।
.png)
মোকলেছুর রহমান আরো জানান, বৃহস্পতিবার দুপুরে ঐ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান ভেজাল মধু তৈরি করার মূলহোতা নুর ইসলাম মুকুল। আটক করা হয় কারিগর শাহাজাহান গাজীকে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীরের আদালতে শাহাজাহানকে সোপর্দ করা হয়। আদালত শাহাজাহান গাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে ১০ মণ ভেজাল মধুসহ কারখানা সিলগালা করা হয়েছে। ভেজাল মধুর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। পরবর্তীতে ভেজাল মধু তৈরি করার মূলহোতা নুর ইসলাম মুকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।