ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাদেবপুরে ভেজাল গুড় ধ্বংস, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ৪ জানুয়ারি ২০২৩
মহাদেবপুরে ভেজাল গুড় ধ্বংস, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুরে চিনির শিরা, ক্ষতিকর রং ও হাইড্রোজেন দিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল গুড়। পরে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাদেবপুর উপজেলার মথুর কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। বিকেল সাড়ে ৪টায় র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মথুর কৃষ্ণপুর এলাকায় ভেজাল গুড় কারখানায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে ২০ হাজার ৩৫০ কেজি ভেজাল গুড়, ছয় হাজার ৯৫০ কেজি চিনির শিরা, ছয় কেজি ক্ষতিকর রং এবং দুই কেজি হাইড্রোজেন উদ্ধার করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন এবং বিক্রি করার অপরাধে বুলেট গুড় কারখানার মালিক বুলেট হোসেন এবং আমজাদ গুড় ঘরের মালিক প্রদীপ মন্ডলের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মালেক গুড় ঘরের মালিককে ২০ হাজার টাকা এবং জামাল গুড়ের আড়তের মালিক জামাল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভেজাল গুড়সহ ভেজাল গুড় তৈরির উপাদানসমূহ ধ্বংস করা হয়।

Advertisement

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!