নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে চার হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। এ সময় তিন গুড় ব্যবসায়ীকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার দুপুরে নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলার এলাকায় নাটোর র্যাব-৫ এর সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
.png)
তিনি জানান, দুপুরে নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে। এ সময় সাগর গুড় ভাণ্ডারের স্বত্বাধিকারী মো. সাগর হোসেনকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৫০ হাজার টাকা, লালপুর উপজেলার মোহরকয়া এলাকার মহাসিন গুড় ভাণ্ডারের স্বত্বাধিকারী মহাসিনকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৭০ হাজার টাকা এবং বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর বাজার এলাকার সেলিম গুড় ভাণ্ডারের স্বত্বাধিকারী আনোয়ারকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৭০ হাজার টাকাসহ সর্বমোট এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় চার হাজার ৫০০ কেজি ভেজাল গুড়, সাত হাজার ৬০০ লিটার সিরাপ, সাত কেজি হাইড্রোজ, ২০ কেজি ফিটকিরি, ৩০ কেজি চুন ধ্বংস করা হয়েছে। এছাড়া পাঁচ হাজার কেজি চিনি বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।