শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পালরা গ্রামের মনোরা বেগম (৬৫), বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৫) ও সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের আয়েশা (২১)।
.png)
আহত জহিরুল ইসলাম ইসলাম জানান, ডাক্তার দেখানোর জন্য আমি একজন রোগী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মার্কেটে মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে আসি। নিচতলা থেকে আমরা ৮ জন লোক তৃতীয় তালায় যাওয়ার জন্য লিফটে উঠি। ৩য় তালায় যাওয়ার সঙ্গে সঙ্গেই তার ছিঁড়ে লিফটসহ নিচতলায় আমরা পড়ে যাই। এতে কমবেশি সবাই আহত হন। আমি কোমর ও পিঠে প্রচুর ব্যথা পেয়েছি। এছাড়া বয়স্ক এক মহিলার পা ভেঙে গেছে ও এক সিজারিয়ান মহিলাও অনেক ব্যথা পেয়েছেন।
ওই মার্কেটের নিচতলার এক ফাস্টফুডের দোকানদার টিটু জানান, হঠাৎ একটি বিকট আওয়াজ পাই। পরে দোকান থেকে বের হয়ে দেখি লিফট ছিঁড়ে পড়ে গেছে। ভেতরে সবাই চিৎকার করছিল। পরে বেশ কয়েকজন এসে লিফট খুলে তাদের বের করেন। ১৫ দিন আগেও এমন করে লিফট ছিঁড়ে গিয়েছিল।
মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার মো. বাবুল আক্তার খান জানান, এই লিফট আমরা নিয়মিত সার্ভেসিং করি। কিন্তু কেন এমন হলো তা টেকনিশিয়ান না আসলে বোঝা যাবে না। এ দুর্ঘটনায় যারা আহত হয়েছেন সবাইকে আমরা চিকিৎসা দিয়েছি।