ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উদ্বোধনের আগেই কালভার্টে ফাটল

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশিত: ২০:০৩, ৯ জানুয়ারি ২০২৩
উদ্বোধনের আগেই কালভার্টে ফাটল
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে জফলার ছড়ার ওপর নবনির্মিত কালভার্টটি উদ্বোধনের আগেই চারপাশে ফাটল দেখা দিয়েছে।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদফতর প্রকল্পের আওতায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল ভায়া নোয়াগাঁও গ্রামের রাস্তার জফলার ছড়ার ওপর কালভার্ট নির্মাণ শুরু হয় বেশ কিছুদিন আগে। কালভাটটি নির্মাণে চূড়ান্ত ব্যয় হয় ৬৬ লাখ ৩৫ হাজার ৪৩৪ টাকা। 

মহল্লাবাসী অভিযোগ করে জানান, কালভার্টটির কাজ শেষ হয়েছে কিছুদিন হলো। কিন্তু কাজ শেষ হলেও ঠিকাদার কালভার্টের দুই পাশে মাটি না দিয়ে কাজ শেষ করে চলে যান। সম্প্রতি কালভার্টটির চারপাশে ফাটল দেখা দিয়েছে।

এদিকে ঠিকাদার কালভার্টের দুই পাশে মাটি না দেওয়ায় শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে। কালভার্টে মই লাগিয়ে কোমলমতি শিশুদের পারাপার হতে দেখা গেছে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

মহল্লাবাসীরা আরও জানান, কালভার্টের কাজটি একদম নিম্নমানের করা হয়েছে। এটি যেকোনো সময় ভেঙে যেতে পারে, ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। আমরা পুনরায় কালভার্ট নির্মাণের দাবি জানাচ্ছি।

স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, কালভার্ট নির্মাণকালীন সময়ে নিম্নমানের কাজের বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কর্ণপাত করা হয়নি।

এ বিষয়ে কালভার্টের ঠিকাদার মেসার্স জাফর আহমেদ স্বত্বাধিকারী গিলমান আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তার বক্তব্য পাওয়া যায়নি।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কালভার্টটি এখনও ঠিকাদার আমাদের হস্তান্তর করেননি। কালভার্টের কোনো সমস্যা দেখা দিলে এর দায়ভার ঠিকাদারকে বহন করতে হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন জানান, এ বিষয়ে কেউ জানায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কমলগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!