মেহেরপুরে দুই সারের দোকানকে জরিমানা
অধিক মূল্যে সার বিক্রি, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে দুটি সারের দোকানে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার বিকেলের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এ সময় সদর উপজেলা স্যানিটারি অফিসার তরিকুল ইসলাম ও পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন।
মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের মেসার্স আব্দুল আওয়াল ভদ্র ট্রেডার্স ও মেসার্স মামুন ট্রেডার্স নামক দুটি সারের দোকানে এই অভিযান চালান তিনি।
.png)
মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে মেসার্স আব্দুল আওয়াল ভদ্র ট্রেডাসের মালিক আব্দুল আওয়ালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে মেসার্স মামুন ট্রেডার্সের মালিক মামুনকে একই আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দোকান থেকে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়েছে।
এছাড়া স্থানীয় দোকানগুলোতে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।