ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় নকল ইউনানি কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ৬ জানুয়ারি ২০২৩
পাবনায় নকল ইউনানি কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় জয় ল্যাবরেটরিজ ইউনানি নামে একটি নকল ও ভেজাল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কারখানা মালিক আলী আজমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার ভোরে ঐ কারখানায় অভিযান চালায় র‍্যাব। কারখানা মালিক আলী আজম পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার আলী আকবরের ছেলে।

জানা যায়, পাবনা সদর উপজেলার জালালপুর এলাকায় জয় ল্যাবরেটরিজ ইউনানি নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ভেজাল ও নকল ওষুধ উৎপাদন করে আসছিল। তাদের কারখানায় কোনো কেমিস্ট নেই। ঐ কারখানায় বিভিন্ন গাছের লতাপাতা সেদ্ধ করে তাতে বিভিন্ন রাসায়নিক ও রং ব্যবহার করে কথিত ইউনানি ওষুধ উৎপাদিত হয়ে আসছিল। সেগুলো বাহারি রঙের মোড়কে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় বিপণন করা হতো।

Advertisement

র‌্যাব-১২ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল শুক্রবার ভোরে ঐ প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ উদ্ধার করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ঐ প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান জানান, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে নকল ইউনানি ওষুধ উৎপাদন করা হচ্ছিল।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!