নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫, বইছে মৃদু শৈত্যপ্রবাহ
উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা। কয়েকদিন যাবত জেলার তাপমাত্রা নিম্নমুখী হলেও আজ কিছুটা বেড়েছে তাপমাত্রা। হিমেল বাতাসে মানুষের জীবন ঠাণ্ডায় জবুথবু অবস্থা। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
শুক্রবার সকাল ৬টার দিকে এবং ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্ৰি সেলসিয়াস।
নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েকদিন থেকেই জেলাজুড়ে ঠাণ্ডা হাওয়া বইছে। এই ঠাণ্ডার প্রকোপ আরো বেশ কয়দিন থাকতে পারে। গতকাল জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
.png)
এদিকে ঠাণ্ডাজনিত কারণে নওগাঁ সদর হাসপাতালে বেড়েছে বৃদ্ধ ও শিশু রোগীদের।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপ বেড়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় তারা হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।