মারামারি থামাতে গিয়ে লাশ হলেন রিকশাচালক
চট্টগ্রামের বাঁশখালীতে মারামারি থামাতে গিয়ে দায়ের কোপে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
শনিবার সন্ধ্যায় উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ আদর্শ গ্রামের আব্দুল মালেক ওরফে অপু মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম কোরবান আলী। ৩৪ বছর বয়সী কোরবান বাঁশখালীর দক্ষিণ জলদি এলাকার বাসিন্দা। আহতরা হলেন- একই এলাকার বাসিন্দা ৫০ বছরের আবু সৈয়দ ও ৪০ বছরের মীর হোসেন।
.png)
কোরবানের স্ত্রী জানান, শনিবার বিকেলে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তার স্বামী কোরবান। সন্ধ্যা ৬টার দিকে অপু মিয়ার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ছৈয়দ ও জমিরকে মারামারি করতে দেখেন তিনি। পাহাড়ি জমি নিয়ে তাদের বিরোধ দীর্ঘদিনের। জমিরের হাতে থাকা ধারালো দা দিয়ে ছৈয়দকে কোপাতে দেখে রিকশা থামিয়ে কোরবান ও মীর হোসেন এগিয়ে যান। এ সময় দুজনকে কুপিয়ে জখম করেন তিনি।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় কোরবানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত জমিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।