ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল নানি-নাতির
গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামের চুক্কাবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় নানি-নাতনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মাওনা পুলিশ ফাঁড়ির এসআই মো. খোরশেদ আলম।
নিহতরা হলেন- উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মজমের চালা এলাকার আব্দুস ছোবহানের স্ত্রী ৫০ বছর বয়সী বাছিরন ও উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে বাবুল মিয়ার সাত বছরের মেয়ে নুসরাত। সম্পর্কে তারা নানি-নাতনি। আহত ৩০ বছরের মোটরসাইকেলচালক বাবুল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই খোরশেদ বলেন, লাকড়ি বোঝাই করে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের বেতঝুড়ি থেকে বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কে ধরে গাজীপুর বাজারের দিকে যাচ্ছিল একটি ট্রাক। বদনীভাঙ্গা চুক্কাবাড়ি এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বাছিরন। হাসপাতালে নেয়ার পথে নুসরাতও মারা যায়।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।