ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে ভুয়া চিকিৎসক আটক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১৯ জানুয়ারি ২০২৩
বান্দরবানে ভুয়া চিকিৎসক আটক
আটক মোহাম্মদ ইব্রাহীম আলী

বান্দরবান সদর উপজেলার উজানিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে মোহাম্মদ ইব্রাহীম আলী নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। আটক ৩৫ বছর বয়সী ইব্রাহীম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকার মো. আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ১ জানুয়ারি আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন বান্দরবান রোয়াংছড়ির গ্যালেংগা ইউপির বাসিন্দা পাওরি ম্রো নামে এক নারী। তাকে দুদিন বাসায় রেখে চিকিৎসা করানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয় বাসিন্দা নানোয়াই স্লোর মাধ্যমে ইব্রাহীমের সঙ্গে যোগাযোগ করেন পাওরি ম্রোর স্বজনরা।

Advertisement

পরে ভুক্তভোগীর স্বামী মেনরোং ম্রোর সঙ্গে চিকিৎসা বাবদ ইব্রাহীমের ৭০ হাজার টাকা মৌখিক চুক্তি হয়। এর মধ্যে ৪৫ হাজার টাকা নিয়ে চিকিৎসা করতে থাকেন ইব্রাহীম। তবে প্রায় দুই সপ্তাহের চিকিৎসায় দগ্ধ পাওরি ম্রোর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। উল্টো অবনতি হতে থাকে।

১৮ জানুয়ারি ইব্রাহীমকে ভুয়া ডাক্তার বলে সন্দেহ হয় অনেকের। পরে তাকে ধরলে কোনো সনদ দেখাতে পারেননি। এ ঘটনায় থানায় অভিযোগ দেন পাওরি ম্রোর ভাসুর ওয়াই ম্রো। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। এছাড়া পাওরি ম্রোকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বলেন, ইব্রাহীম নিজেকে চিকিৎসক দাবি করলেও কোনো সনদ দেখাতে পারেননি। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!