চুরির অপবাদ দিয়ে নিরীহ ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতন
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে চুরির অপবাদে সাইদুর রহমান সানা নামের এক নিরীহ ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এদিকে, বেদম মারপিটের শিকার তালা উপজেলার রাঢ়ীপাড়া গ্রামের আজগর আলী সানার পুত্র সাইদুর রহমান সানা বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে চুরির অপবাদে একই গ্রামের রেজাউল ইসলাম ময়নাসহ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর বর্বরোচিত হামলা চালায় বলে জানা গেছে। ভুক্তভোগী সাইদুর রহমান বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তালা হাসপাতালে চিকিৎসাধীন সাইদুর রহমান সানা জানান, তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। একই গ্রামের রেজাউল ইসলাম ময়নার কাছে তিনি ৫ হাজার টাকা পেতেন। ওই টাকা চাইলে তিনি বিভিন্ন তালবাহানা করতেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর টাকা চাইতে গেলে রেজাউল ইসলাম ময়না তার বাড়ির মোটর চুরি করার অপবাদ দেন তাকে। এরপর তুচ্ছ ঘটনায় ময়নার নেতৃত্বে একই এলাকার সোবহান মোল্যা, সাগর মোড়ল, হাশেম মোড়ল, একরামুল, জসিম, সজীবসহ কয়েকজন চুরির অপবাদ দিয়ে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন চালান। এ সময় সাইদুরের স্ত্রী লিলিমা খাতুন ও মা জাহানারা বেগম দুর্বৃত্তদের পা জড়িয়ে ধরলেও তারা নির্যাতন চালাতে থাকেন।
পরবর্তীতে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই তাকে উদ্ধার করেন। পরদিন শুক্রবার সকালে পুলিশ সাইদুর রহমানকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় দেন। এ সময় পরিবারের লোকজন তাকে তালা হাসপাতালে ভর্তি করেন। সেখানে যন্ত্রণায় কাতরাচ্ছেন সাইদুর। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেশ কয়েকটি পরীক্ষা করাতে হবে বলে জানা গেছে।
তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রেজাউল ইসলাম ময়নার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, এলাকায় সাইদুর একজন ভাল ছেলে হিসেবে পরিচিত। তিনি চুরির মতো ঘটনায় জড়িত থাকতে পারে না।
পাটকেলঘাটা থানার এসআই আমির জানান, সাইদুর রহমান সানাকে আহত অবস্থায় রাঢ়ীপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয়। তবে তার বিরুদ্ধে চুরির কোনো অভিযোগ পাওয়া যায়নি।