ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৩ লাখ শিশু 

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
খুলনায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৩ লাখ শিশু 
ছবি: ডেইলি বাংলাদেশ

অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এবার খুলনা সিটি কর্পোরেশনসহ জেলায় দুই লাখ ৯৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে খুলনা সামছুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। কর্মশালায় সিভিল সার্জন জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একইসঙ্গে শিশুকে শালদুধ খাওয়ানোসহ স্বাস্থ্যবার্তাসমূহ প্রচার করা হবে। ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের যেহেতু ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না তাই এ সময়টাতে সম্পূরক ভিটামিন হিসেবে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

ডা. সুজাত আহমেদ জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এমন কোনো সংবাদ পরিবেশন না করা এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

Advertisement

আগামী ২০ ফেব্রুয়ারি খুলনায় ছয় থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আইইউ) খাওয়ানো হবে। এ বছর খুলনা জেলার নয়টি উপজেলার এবং দুইটি পৌরসভাসহ এক হাজার ৭১৮টি কেন্দ্রে মোট এক লাখ ৮৭ হাজার ১৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২২ হাজার ৯৩৪ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ ৬৪ হাজার ২৩০ জন। এছাড়া সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ৭১০টি কেন্দ্রে এক লাখ নয় হাজার ৮৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১২ হাজার ৭০৪ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯৭ হাজার ১৩৭ জন।

কর্মশালায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ডেপুটি সিভিল সার্জন ডা. এএসএম কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!