ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে বাড়িতে মাংসের হাড় গলায় আটকে প্রাণ গেল যুবকের 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
বিয়ে বাড়িতে মাংসের হাড় গলায় আটকে প্রাণ গেল যুবকের 
ফাইল ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলায় বিয়ের দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় আটকে আবুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া বৈরাগীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আবুল হোসেন পাশ্বর্বতী মুকসুদপুর উপজেলার তপারকান্দি গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন মিয়ার মেয়ে প্রমি আক্তারের বিয়ে হয়। এ সময় গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার তপারকান্দি গ্রামের প্রতিবন্ধী যুবক আবুল হোসেন মোল্লা ওই বিয়েতে দাওয়াত খেতে আসেন। হঠাৎ তার গলায় মাংসের একটি হাড় আটকে যায়। পরে তাকে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যার দিকে বেশি অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলার টেকেরহাটের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে। সেখান থেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

মৃত আবুলের বাবা আব্দুল খালেক মোল্লা বলেন, দাওয়াত খেতে গিয়ে ওর গলায় হাড় বা কাঁটা জাতীয় কিছু একটা আটকে যায়। বিকেলে বাড়ি এসে আমাদের জানালে আমরা চেষ্টা করেছি বের করতে। না পেরে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক বলেন সে মারা গেছে।

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সোয়েব হোসেন বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃতের পরিবার থেকে কেউ অভিযোগ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!