দৃষ্টি ফিরে পেলেন সিলেটের ১৭২ চা-শ্রমিক
সিলেটের দুইটি চা বাগানের ১৭২ জন শ্রমিক বিনামূল্যে চিকিৎসা পেয়ে চোখের আলো ফিরে পেয়েছেন।
এসব চা-শ্রমিক চোখে ছানি পড়ায় দৃষ্টি হারিয়ে প্রায় পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছিলেন। একটি আন্তর্জাতিক সংস্থা এবং সেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় দৃষ্টি ফিরে পেয়ে তারা খুশি। উপমহাদেশের প্রথম চা বাগান সিলেটের মালনীছড়া এবং লাক্কাতুরার মোট ১৭২ জন চা-শ্রমিক দৃষ্টি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছিলেন। এতে তারা আর্থিক সংকটে পড়েন। একইসঙ্গে বাগান মালিকরা চা উৎপাদনে পিছিয়ে পড়েছিলেন।
অরবিস ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক সংস্থা ও নয়ন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এসব শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। সংস্থা দুইটি বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে চা-শ্রমিকদের চোখের আলো ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। চোখের আলো ফিরে পেয়ে পুরোদমে কাজে ফিরতে পেরেছেন চা-শ্রমিকরা।
নয়ন ফাউন্ডেশন চা বাগানে প্রাথমিক সার্ভে চালায়। আর অরবিস ইন্টারন্যাশনালের চিকিৎসকরা সেখান থেকে চোখে ছানি পড়া রোগী চিহ্নিত করে তাদের চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বির আহমদ জানান, সিলেটে আধুনিক চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করে চক্ষু রোগীদের সেবা দিয়ে যাচ্ছে নয়ন ফাউন্ডেশন। এছাড়া নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। নয়ন ফাউন্ডেশন অরবিস এর হয়ে সিলেট অঞ্চলের চক্ষু রোগীদের জন্য কাজ করবে।