সোমবার দুপুরে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরা সুলতানা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সদর উপজেলার রাবনা বাইপাস থেকে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক তানবীর আহমেদ। তিনি জানান, টাঙ্গাইল সদর থানা পুলিশ ছয় ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
.png)
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ক্ষিদ্র মাটিয়া গ্রামের মোতালেবের ছেলে ইউসুব আলী, পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাঠুয়া যুগনী গ্রামের আলী হোসেনের ছেলে মো. জুয়েল, একই গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. ইদুল মিয়া এবং মো. সুরুত আলীর ছেলে সহিদুল ইসলাম ও একই উপজেলার কাতুলী ইউনিয়নের ধীতপুর গ্রামের মো. জহর আলীর ছেলে সিরাজুল ইসলাম।
টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো চার থেকে পাঁচজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি সুইস গিয়ার ছুরি, একটি শাবল ও গাড়ি থামানোর জন্য রশিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাকও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।