ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিটিয়ে ছাত্রের কান ফাটালেন প্রধান শিক্ষক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২৩
পিটিয়ে ছাত্রের কান ফাটালেন প্রধান শিক্ষক
ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুরে পাইপ দিয়ে আঘাত করে সাব্বির নামে এক শিক্ষার্থীকে আহত করেছেন তার স্কুলের প্রধান শিক্ষক। কানে আঘাত পেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম আবদুর রশিদ চৌধুরী।

আহত শিক্ষার্থী সাব্বির শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছোন্দহ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

Advertisement

জানা যায়, সোমবার দুপুরে বিদ্যালয়ের মাঠে বন্ধু নাঈমের সঙ্গে ঘুরছিলেন সাব্বির। এ সময় নাঈম নবম শ্রেণির এক ছাত্রীকে ভাবী বলে ডাক দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এসময় ভয়ে নাঈম বিদ্যালয় ছেড়ে চলে যান। কিন্তু প্রধান শিক্ষক নাঈমকে না পেয়ে সাব্বিরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সাব্বির তার নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করলে একপর্যায়ে প্রধান শিক্ষক লোহার পাইপ দিয়ে সাব্বিরের কানে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান সাব্বির। অন্যরা এসে উদ্ধার করে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সাব্বির।

সাব্বিরের মা সাবিনা খাতুন বলেন, অমানবিকভাবে আমার ছেলেকে মারধর করা হয়েছে। আমরা গরিব মানুষ, বিচার কার কাছে চাইব? আমি প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবি করছি।

তবে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ চৌধুরীর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মিরপুর ইউএনও মো. হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!