রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের হত্যাকাণ্ড ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে ইলিয়াছ নামে এক রোহিঙ্গা যুবককে শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার দুপুরে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ থেকে তার মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নিহত ইলিয়াছ লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা মামুন রশিদের ছেলে।
স্থানীয় রোহিঙ্গাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ইলিয়াছকে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
.png)
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আশ্রয় শিবিরের ই-ব্লকের একটি ঘরের মেঝেতে ইলিয়াছের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত রোহিঙ্গার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে ইলিয়াছকে হত্যা করে মেঝেতে ফেলে রেখেছে সন্ত্রাসীরা।
তিনি আরো বলেন, মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালছে।
প্রসঙ্গত, এর আগে ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে উখিয়ায় বালুখালী আশ্রয় শিবিরে (ক্যাম্প-৮ পশ্চিম) বি-৫৭ ব্লক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নুর কায়াছ নামে এক রোহিঙ্গা গৃহবধূ। ঐ সময় উখিয়ার ময়নারঘোনা (ক্যাম্প-১২) আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ক্যাম্পের হেড মাঝি রোহিঙ্গা আবদুর রহিম।