কক্সবাজারে মাদক মামলায় ৮ জনের কারাদণ্ড
কক্সবাজারে মাদক মামলায় আটজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. রফিক, মো. কালু মাঝি, রফিক, মো. হাসান, মো. হাসমত আলী, মো. নুরুল আলম আনোয়ারী, মো. নাসির এবং মো. মজিবুল ইসলাম। তাদের সবার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার গহিরা এলাকায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার নথির বরাতে তিনি জানান, ২০১৮ সালের ৫ জানুয়ারি কক্সবাজার শহরের কলাতলীর গভীর সমুদ্র থেকে পাঁচ লাখ ইয়াবাসহ আটজনকে আটক করে র্যাব। পরে আটককৃত আটজন এবং পলাতক একজনকে আসামি দেখিয়ে মামলা দায়ের করা হয়। ২০১৯ সালের ১০ মার্চ পুলিশের দাখিল করা অভিযোগপত্র আদালত গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করেন। অভিযোগপত্রে পলাতক মো. ইউসুফকে বাদ দেওয়া হয়। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় প্রদান করা হয়। রায় প্রদানকালে আট আসামি আদালতে উপস্থিত ছিলেন।