ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোমতীতে মাছ ধরার উৎসব

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
গোমতীতে মাছ ধরার উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোমতী নদীর চর এলাকায় যেন মানুষের ঢল নামে। মাছ ধরার জন্য তারা এখানে জড়ো হন। ভোরের আলো ফুটতে না ফুটতেই গ্রামবাংলার ঐতিহ্য সবার কাঁধে মাছ ধরার সরঞ্জাম নিয়ে ছুটছেন নদীতে। এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য।

সোমবার গোমতীর চর এলাকায় দেখা যায়, কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে মানুষ জড় হচ্ছেন এক স্থানে। এছাড়া শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে জেলার চর এলাকা, গোমতী বিলাস, টিক্কাচর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। কারো কাঁধে পলো, আবার কারো হাতে ঠেলা জাল, খুইরা জাল, বাদাই জালসহ মাছ ধরার নানা উপকরণ। এসব শিকারি একসঙ্গে আনন্দ করে পলো, কুচা, ঝাঁকি জাল, প্লেন জাল, টানা জাল নিয়ে নদীতে নামেন। এ দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন এসে জড়ো হন। কেউ আসেন মাছ ধরা দেখতে, কেউবা আসেন মাছ কিনতে।

জানা যায়, প্রতি বছর ফাগুন-চৈত্র মাসে গোমতী নদীর পানি অনেক কম থাকে। এ সময় মাছ ধরতে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে জেলে ও সাধারণ মানুষ একত্র হন। উৎসবে মেতে ওঠেন নানা বয়সের মানুষ। দল বেঁধে হাজারো মানুষ বিলে নামেন মাছ ধরতে।

Advertisement

এ উৎসবে অংশ নিতে আসেন লাকসাম উপজেলা কৃষক শাহজাহান মিয়া। তিনি জানান, পলো দিয়ে বেশ কয়েক বছর ধরে মাছ ধরতে গোমতী চরে আসেন। সবার সঙ্গে মাছ ধরতে তার বেশ ভালো লাগে।

কুমিল্লা নগরীর তালপুকুর পাড় এলাকা থেকে আসা মশিউর রহমান জানান, তিনি এখানে আসেন শখ করে মাছ ধরতে। বন্ধুদের সঙ্গে প্রতি বছর তিনি মাছ ধরতে আসেন।

জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, গোমতী নদীতে পলো দিয়ে মাছ ধরা এটি একটি ঐতিহ্যবাহী উৎসব। এখানে দেশীয় মাছ পাওয়া যায়। এ উৎসব ধরে রাখার জন্য সবাইকে তিনি ধন্যবাদ জানান।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!