খুবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘হেলদি ম্যানগ্রোভস এন্ড সাসটেইনেবল ফিশারিজ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে।
ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন ও গ্লোবাল ন্যাচার ফান্ড এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সিম্পোজিয়ামটি শুরু হয়।
বুধবার বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এ সময় তিনি বলেন, ম্যানগ্রোভ ও ফিশারিজের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। এই দুইয়ের সঙ্গে উৎপাদন, তাপমাত্রা ও লবণাক্ততা হ্রাস-বৃদ্ধি, বৃষ্টিপাত, জলবায়ুগত পরিবর্তন, দূষণসহ নানামাত্রিক প্রভাব সম্পৃক্ত। ঠিক আমরা জানি না কোন কারণে কি প্রজাতির ম্যানগ্রোভ বা মাছের উৎপাদন কমছে বা বাড়ছে। কি কি প্রভাব উপকূলের জল, জলজ প্রাণী ও উদ্ভিদের ওপর পড়ছে। তবে আমরা জানি যে ম্যানগ্রোভ ও মাছচাষের সঙ্গে বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা নির্ভরশীল।
তিনি আরো বলেন, উৎপাদন কমলে বা বাড়লে তা তাদের জীবন-জীবিকার ওপরও প্রভাব ফেলে। সামগ্রিকভাবে এসবের মধ্যে শৃঙ্খল বা বন্ধন কাজ করে। তা নিরূপণ জরুরি। দক্ষিণ এশিয়ার বিশাল উপকূলীয় অংশে ম্যানগ্রোভ ও মাছ বড় সম্পদ। যার ওপর আর্থ-সামাজিকসহ নানামাত্রিক উপযোগিতা নির্ভর করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক খ. মাহবুবুল হক ও উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির। স্বাগত বক্তব্য রাখেন এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার। সিম্পোজিয়ামে কি-নোট পেপার উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির প্রফেসর নরম্যান সি ডিউক। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি টেকনিক্যাল সেশন ও একটি পোস্টার সেশন অনুষ্ঠিত হয়।