বিয়েবাড়িতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরের বাবার মৃত্যু
নীলফামারীর জলঢাকায় বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বরের বাবা নুর মোহাম্মদ নিহত হয়েছেন।
শুক্রবার রাতে জলঢাকা পৌরসভার আমরুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনের বাবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। নিহত নুর মোহাম্মদ রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।
জানা যায়, শুক্রবার রাতে জলঢাকা পৌর এলাকার আমরুলবাড়ী গ্রামের বগুলাগাড়ী এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে রংপুর নগরীর উত্তম হাজিরহাট বাওয়াই পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে জনাব আলীর বিয়ে সম্পন্ন হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর কনে নিয়ে চলে যায় বর জনাব আলী। তবে বিয়েতে কনের বাড়িতে ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় ২৫০ জন অতিথি আসায় খাওয়ার সময় মাংস কম পায় তারা। মাংস কম পাওয়ায় বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় মারামারি। এ সময় কনে পক্ষের লোকজনের মারধরে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন বরের বাবা নুর মোহাম্মদ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।
.png)
জলঢাকা থানার ওসি ফিরোজ কবীর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কনের বাবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।