ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্ল্যান্টে বিস্ফোরণ: ১ কিমি দূরে টুকরো লোহার আঘাতে মারা যান শামসুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ৪ মার্চ ২০২৩
প্ল্যান্টে বিস্ফোরণ: ১ কিমি দূরে টুকরো লোহার আঘাতে মারা যান শামসুর
প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় নিহতের স্বজনদের আহাজারি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের নাম শামসুল হক শামসু (৫০)। 

আশরাফুল আলম জানান, শামসুল হক শামসু প্ল্যান্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে এক টুকরো লোহা গিয়ে শামসুলের মাথায় আঘাত করে। এতেই ঘটনাস্থলে মারা যান তিনি। 

Advertisement

এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তবে আগুন বেশি থাকায় ভেতরে আটকে পড়াদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানিয়েছেন, দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে। 

এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!