ডাকাতি মামলার খরচ জোগাতে গাঁজা বিক্রি করছিলেন কুদ্দুস
বরগুনা সদর উপজেলায় আব্দুল কুদ্দুস (২৩) নামে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি থেকে গাঁজা ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল কুদ্দুস আমড়াঝুড়ি এলাকার মোসলেম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আমড়াঝুড়ি এলাকায় অভিযান চালিয়ে কুদ্দুসকে ১০০ গ্রাম গাঁজা ও ১৮ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। কুদ্দুসের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। ওই মামলায় জামিনে রয়েছেন তিনি। মাদক বিক্রির টাকা দিয়ে কুদ্দুস ডাকাতি মামলার ব্যয় বহন করতেন বলেও জানায় পুলিশ।
.png)
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জ্ঞানরঞ্জন কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ কুদ্দুসকে আটক করতে সক্ষম হয়েছি। এর আগেও ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিলেন কুদ্দুস। ওই মামলা এখনও বিচারাধীন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম খান বলেন, কুদ্দুসকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।