রোববার সকালে ঢাকায় একটি প্রশিক্ষণে যোগ দিতে গোপালগঞ্জ থেকে বাসে ওঠেন তিনি। পথে মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
অনাদি রঞ্জন মজুমদার গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ডিডি)। তার স্ত্রী অনিতা দত্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক।
.png)
বেলা ১১টার দিকে দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবর পেয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন অনিতা দত্ত। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে অর্ণব মজুমদার। স্বামীর লাশ শনাক্তের পর ভেঙে পড়েন তিনি। আহাজারি করতে করতে অনিতা দত্ত বলেন, সকালেও ফোনে কথা হলো। বলল, ঢাকায় ট্রেনিং শেষ করে আজই বাড়ি ফিরে আসব। এমন হবে জানলে ঢাকায় যেতে দিতাম না। আমার সুখের সংসারে আর সুখ রইল না।
বাবার এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না ছেলে অর্ণব। তিনি বলেন, কিছু বলতে পারছি না আমি। বাবার চেহারা দেখার পর দম বন্ধ হয়ে আসতেছে। ঈশ্বর আমাকে এমন দিন দেখাল কেন?
পুলিশ জানায়, রোববার সকালে খুলনা থেকে যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পদ্মাসেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাসটির সামনের একটি চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ২০ জন নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে নিহত ২০ জনের মধ্যে ১৯ জনের পরিচয় জানা গেছে। বাকি একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
নিহতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আর আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। অপরদিকে সড়ক দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মাদারীপুর রিজিওনের দায়িত্বপ্রাপ্ত হাইওয়ের ডিআইজি সালমা বেগম বলেন, এ দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।