সোমবার দুপুর দেড়টার দিকে রুমা উপজেলার কমলাবাগান এলাকায় রুমা-বগালেক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন- রুমা রেমাক্রি প্রাংশা ইউপির থেইক্যং পাড়ার বাসিন্দা হামনয় কারবারির দুই মেয়ে লিম ময় বম ও ভারকিম বম এবং একই পাড়ার সংখুভ বমের মেয়ে লাল সিয়াম বম, নেমখুভ বমের মেয়ে নুন থার ময় বম ও জিং হোম বম।
এছাড়া আহতদের মধ্যে রয়েছেন- লাল পিয়ান কিম বম, পারকুম বম, লমকিল, পারেংময় বম টিয়াল হাই বম, জিংরাম সিয়াম, জিরনুন ময় বম, লুংপেম বম ও লাল খংয়াই বম।
.png)
জানা যায়, বগালেকের কয়েকজন ট্রাকে করে রুমা সদরে যাচ্ছিলেন। তাদের কয়েকজন বাজার করতে যাচ্ছিলেন। পথে ঐ সড়কের কমলা বাগান এলাকার উঁচু ঢাল নামতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুইটি সড়ক থেকে ছিটকে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার নারী নিহত হন। এছাড়া আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো এক নারীসহ দুইজনের মৃত্যু হয়।
রুমা থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, হতাহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।