বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় শরিফ উদ্দিন (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহর ছেলে এবং শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।
শনিবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের কাথুলী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত শরিফ উদ্দিন কাথুলী মোড় এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলের ওপর বসে ছিলেন। এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী হাজী রাবেয়া পরিবহন নামের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে শরিফ উদ্দিনের মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে তিনি বাসের চাকার নিচে পড়েন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহতের ঘটনায় বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।