দোকান থেকে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে গলায় ফাঁস দিয়ে মো. আরমান (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি একটি রঙের দোকানে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা জামাল মার্কেট মেসার্স শামিম এন্টারপ্রাইজ নামের একটি রঙের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতকানিয়া চুনতি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।
.png)
ওমর হাকিম নামে এক ব্যবসায়ী বলেন, আরমান খুব ভালো ছেলে ছিলেন। তিনি ওই দোকানে প্রায় ৩ বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রঙের দোকানের ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, বৃহস্পতিবার রাতে হ্নীলা বাজারের মেসার্স শামিম এন্টারপ্রাইজ একটি রঙ্গে দোকানের থেকে মো. আরমানের গলায় ফাঁস লাগনো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।