পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ বন্দরে মেরাজ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে বন্দরের রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেরাজ বন্দরের ছালেহনগড় এলাকার এজাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আলআমিন নামের এক যুবক আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে মেরাজ নিহত হওয়ার খবরে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উত্তেজিতরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরসহ বন্দর সালেহনগর এলাকার কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
জানা যায়, সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার চাচাতো ভাই সোয়েব ও রবিনসহ এলাকার সন্ত্রাসী পিংকি, বাবু, মানিক, রানা ও নাদিমসহ অজ্ঞাত নামা ৫-৬ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রুপালী আবাসিক এলাকার এজাজ মিয়ার ছেলে মেরাজ ও তার বন্ধু আলামিনের উপর পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতে হামলায় চালায়। এ সময় হামলাকারীরা মেরাজ ও আলআমিনকে কুপিয়ে জখম করে হত্যা নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধিন অবস্থায় মেরাজের মৃত্যু হয়।
মেরাজের মৃত্যুর খবর এলাকায় পৌছলে মেরাজের সমর্থকরা ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরসহ সালেহনগর এলাকার কয়েকটি বাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।