ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৪৫০ টাকার জন্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ৫ এপ্রিল ২০২৩
৪৫০ টাকার জন্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
গ্রেফতারকৃত মুহাম্মদ তারেক

কক্সবাজারের কুতুবদিয়ায় ৪৫০ টাকার জন্য খোরশেদ আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি তারেককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। 

সোমবার রাত ২টার দিকে চকরিয়া থানার হারবাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুহাম্মদ তারেক কুতুবদিয়া উপজেলার মিজ্জিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। 

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে খোরশেদের দোকান থেকে বাকিতে পণ্যসামগ্রী নিতেন তারেক। গত ১৮ মার্চ তারেকের কাছে বকেয়া ৪৫০ টাকা চান খোরশেদ। এ নিয়ে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়। এরই জেরে গত ২০ মার্চ রাত ৯টার দিকে খোরশেদকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেন তারেক ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা খোরশেদকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ মারা যান খোরশেদ। এ ঘটনায় খোরশেদের বাবা আব্দুর রহমান বাদী হয়ে গত ২২ মার্চ তারেককে প্রধান আসামি করে কুতুবদিয়া থানায় মামলা করেন। ওই মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে তারেককে গ্রেফতার করে র‌্যাব।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তারেক ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে কাজ করছে র‌্যাব। তারেককে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!