শুক্রবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচন কমিশন কার্যালয়ের নিচ তলায় ‘কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির’ উদ্যোগে হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলু, রসুন, পেয়াজ, লবণ, সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় অন্যান্য জায়গার মতো নেত্রকোণায়ও এই খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। জেলা শহরে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিম্নবিত্ত পরিবারগুলোকে খুঁজে বের করে তাদের হাতে খাবার প্যাকেটগুলো তুলে দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. রফিকুল আলম খান ও ফাউন্ডেশন এর আজীবন সদস্য নেত্রকোণার সাবেক জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ।
.png)
তারা জানান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৩ শতাধিক ছাত্র-ছাত্রীদের নিজস্ব উদ্যোগে ফাউন্ডেশনটি গড়ে ওঠে। বর্তমানে তারা দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি দফতরে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পাল, জনউদ্যোগের সদস্য স্বেচ্ছাসেবক সংগঠক সাংবাদিক আলপনা বেগম, কালের কণ্ঠের শুভসংঘের সভাপতি সাংবাদিক সোহান আহমেদ কাকন।
প্রতিবছর রমজান মাসে ও প্রাকৃতিক নানা দুর্যোগে হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তায প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোণায় ৩৫ পরিবারকে এ সহযোগিতা প্রদান করা হয়েছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই পরিস্থিতিতে হতদরিদ্র পরিবারগুলো আগামী ঈদ পর্যন্ত খাবার সহযোগিতা পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে।