চুয়াডাঙ্গার উপর দিয়ে অব্যাহত রয়েছে মাঝারি তাপপ্রবাহ। এই প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
শনিবার দুপুর ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে টানা ৬ দিন দেশের সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
.png)
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত ৬ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে।
এর মধ্যে গত রোববার ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা ৩ দিন মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর তা মাঝারি তাপপ্রবাহে রুপ নিয়েছে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে। গরমের মৌসুমে একটানা এতদিন ধরে এক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া বিরল।
তিনি আরো জানান, গত বছর জানুয়ারি মাস থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু এবার এখন পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে না। বৃষ্টি না থাকার কারণে বাতাসে আদ্রতার পরিমাণ কমে গেছে। আবার আদ্রতা কম থাকার কারণে মেঘ তৈরি কম হচ্ছে। যার ফলে হঠাৎ কালবৈশাখি ঝড় ছাড়া সাধারণ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।