ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিলো পুলিশ
চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন।
এর আগে, মঙ্গলবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন ও পাহাড়তলী চুয়েট গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নিরামিস পাড়ার শেখ আহম্মদের ছেলে মো. শেখ রাফাত, একই এলাকার ফজল কাদেরের ছেলে মেহেদী হাসান মুরাদ, নয় নম্বর ওয়ার্ডের কচুখাইন এলাকার রফিক সওদাগর বাড়ির মো. বাবুলের ছেলে মো. হাসান মুরাদ, দুই নম্বর ওয়ার্ডের আচার্য্যপাড়ার মো. মতিনের ছেলে মো. ইমরান, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার নুর খলিফার বাড়ির আশারাফ আলীর ছেলে আবদুর রহিম বাদল, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন ও খলিলুর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন কামাল।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে নোয়াপাড়া ইউনিয়নের শাহজানের চৌদ্দ কলোনিতে অভিযান চালিয়ে মো. শেখ রাফাত, মেহেদী হাসান মুরাদ, মো. হাসান মুরাদ ও মো. ইমরানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি এলজি, কার্তুজ, ছুরি, কিরিচ ও চাপাতি সদৃশ লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়।
এর আগে, দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী চুয়েট গেট এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা থেকে একটি একনলা বন্দুকসহ আবদুর রহিম বাদল, শাহাদাত হোসেন ও মো. ইকবাল হোসেন কামালকে গ্রেফতার করা হয়।
ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, পৃথক অভিযানে অস্ত্রধারী ডাকাত দলের চার সদস্য ও বিক্রির জন্য অস্ত্র পাচারকালে তিনজনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়। মামলার পর বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।