খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য প্রার্থনা
চৈত্র শেষ তবুও তীব্র তাপদাহে পুড়ছে জনজীবন, বৈশাখেও কোথাও নেই বৃষ্টি বা ঝড়ো আবহাওয়া। পানির স্তর নিচে চলে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে টিউবওয়েল, পুকুর-ডোবা, নদীতে। মাঠ ফেটেও চৌচির, ব্যহত হচ্ছে কৃষিকাজ।
শ্রমজীবী মানুষ বের হতে পারছেন না ঘর হতে, চারিদিকে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে একটু বৃষ্টির আশায় সালাতুল ইস্তেখারা (বৃষ্টির জন্যে বিশেষ নামাজ) আদায় করেছেন ঝিনাইদহের কালীগঞ্জের বাসিন্দারা। তারা ঈশ্বরবা গ্রামের মাঠে ব্রিকফিল্ডের পাশে খোলা আকাশের নিচে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে এই বিশেষ নামাজ আদায় করেন।
শুক্রবার জুম্মার নামাজের পর মাঠে গিয়ে এই নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন জামতলা পাড়া মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।
.png)
এ নামাজের উদ্যোক্তাদের একজন স্থানীয় সাংবাদিক শাহ আলম জানান, চারিদিকে হাহাকার, কোথাও বৃষ্টি নেই, তাই আল্লাহর রহমত কামনা করে এমন নামাজের আয়োজন করা হয়।
জাহিদুল ইসলাম জাহিদ নামের এক যুবক জানান, প্রচণ্ড রোদের ভেতরেও এলাকার শতাধিক মানুষ নামাজে অংশ নেন।
নামাজ পরিচালনাকারী ইমাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর এ চাওয়াকে আরবিতে ‘সালাতুল ইস্তেখারা’ বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।