সোমবার দুপুর ১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার আমতৈল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তালেব মিয়া এবং হোসেনপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে জাকারিয়া আহমেদ শুভ। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৮ সালের ১৩ মে রাত ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আখলাক চৌধুরী গুলজারের বাড়ি থেকে হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন। এ সময় আখলাক চৌধুরীর মা মালা বেগম এবং স্ত্রী রুমি বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে মালা বেগম এবং রুমি বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ দুইটির সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনার পরের দিন নিহত রুমি বেগমের ভাই নবীগঞ্জ থানায় তালেব ও শুভকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মামলাটির তদন্তের দায়িত্ব পায়। ঐ দুইজনকে আসামি রেখে ২০১৮ সালের ১১ আগস্ট জেলা ডিবি পুলিশের তৎকালীন ওসি শাহ আলম আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমেদ জানান, এ মামলায় ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার এ রায় প্রদান করেন।