এবার চট্টগ্রামে বৃষ্টির বার্তা
কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এরমধ্যেই এলো সুখবর। মৌসুমী লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তারা বলেছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় চট্টগ্রামের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে।
সোমবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৩ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৬ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে। সেখানকার তাপমাত্রা রেকর্ড হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে। সেখানে সোমবারের তাপমাত্রা রেকর্ড হয় ৩৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।
.png)
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুন অর রশীদ বলেন, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সে সাথে দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তিনি আরো বলেন, সোমবার স্বাভাবিক তাপমাত্রা রেকর্ড হয়েছে। গত কয়েকদিনে চট্টগ্রামের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এছাড়া কিছু কিছু জায়গায় আকাশে মেঘ তৈরি হচ্ছে। তবে সব জায়গায় বৃষ্টি হবে না। সেটা এক থেকে ২৫ শতাংশ হারে হতে পারে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।
এদিকে, সোমবার রাত ৮টার পর থেকে সিলেট, সুনামগঞ্জসহ বিভাগের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়। যদিও তা বেশি সময় স্থায়ী হয়নি।