ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় রাফির হত্যাকারীদের জবানবন্দিতে যা উঠে এল

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ২০ এপ্রিল ২০২৩
খুলনায় রাফির হত্যাকারীদের জবানবন্দিতে যা উঠে এল
ফাইল ছবি

হত্যাকাণ্ডের দিন (২ এপ্রিল) দুই ঘণ্টা চুক্তিতে রাত ৯টার দিকে রাফির ইজিবাইক ভাড়া নেয় চার খুনি। চালকের সঙ্গে তারা বন্ধু সুলভ আচরণ করে গাঁজা সেবনের কথা বলেন। তাদের কথা মতো ওইদিন রাতে লবনচরা থানাধীন ডেসটিনির পরিত্যক্ত মাঠে গাঁজা সেবন করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন রাফি।

হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ৪ জন বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। জবানবন্দি দেন সাব্বির, সজীব, রহিম ও স্বপন।

এর আগে তাদের স্বীকারোক্তিতে আরো চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. আরিফ শেখ, মো. রিয়াজুল ইসলাম, মো. সেকেন্দার ও মঞ্জুশ্রী বৈরাগী।

Advertisement

লবণচরা থানার ওসি মো. এনামুল হক বলেন, গত ২ এপ্রিল দুই ঘণ্টা চুক্তিতে রাত ৯টার দিকে রাফির ইজিবাইক ভাড়া নেয় তারা। প্রথমে গল্লামারী থেকে তারা খানজাহান আলী সেতুর দিকে যান। আবার জিরোপয়েন্টের দিকে ফিরে আসেন। চালকের সঙ্গে তারা বন্ধু সুলভ আচরণ করে গাঁজা সেবনের কথা বলেন। তাদের কথা মতো রাফি ওইদিন রাতে লবনচরা থানাধীন ডেসটিনির পরিত্যক্ত মাঠে গাঁজা সেবন করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন। পরে তার ইজিবাইকটি নিয়ে গিয়ে খণ্ডখণ্ড করে বিক্রি করে দেন খুনিরা।

ওসি আরো জানান, হত্যাকাণ্ডটি ক্লুলেস ছিল। আসামিদের শনাক্ত করতে পুলিশের বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু তারা পুনরায় একই কাণ্ড ঘটাতে গিয়ে সোমবার পুলিশের হাতে আটক হন। এ সময়ে তাদের থেকে ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে রাফি হত্যাকাণ্ডের বিবরণ জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!