ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাত্র ১০ টাকায় ঈদ বাজার!

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ২০ এপ্রিল ২০২৩
মাত্র ১০ টাকায় ঈদ বাজার!
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় ‘গাংচিল বয়েজ ক্লাব’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন ঈদ উপলক্ষে অসহায়-দুস্থদের খুশি করতে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে৷ তারা সম্পূর্ণ নতুন জামা দিতে না পারলেও গুণগত ভালো মানের জামাকাপড় সংগ্রহ করছেন মানুষের বাড়ি বাড়ি ঘুরে। পরে এগুলো নামমাত্র ১০ টাকা মূল্যে অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করছেন। যুবকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সব শ্রেণিপেশার লোকজন।

আয়োজকরা জানান, ঈদে নতুন জামাকাপড় পড়ার শখ কমবেশি সবারই রয়েছে। বিশেষ করে অসহায় দুস্থ নারী-পুরুষ কিংবা তাদের কোমলমতি শিশুরা নতুন জামা পেলে সবচেয়ে খুশি হয়৷ তবে সে ভাগ্য সবার কপালে জুটে না। ফলে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন তারা। ফলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শাহীন নিয়া নামের একজন দিনমজুর কিনেছেন লুঙি ও শার্ট। 

Advertisement

তিনি বলেন, বিনামূল্যে কেউ কিছু দান করলে নিজের কাছেই লজ্জা লাগে। এ সংগঠনের সদস্যরা নামমাত্র ১০ টাকা রেখে বিভিন্ন কাপড় বিক্রি করছেন। এতে স্বাচ্ছন্দ্যে অনেকে কাপড় কিনে খুশি হচ্ছেন।

আব্দুল কাদির নামের আরেকজন বলেন, উপজেলার শাকুয়াই বাজারের সঙ্গে খায়ের মিয়ার বাড়ির সামনে থেকে নিজের ও পরিবারের সদস্যদের জন্য বেশ কয়েকটি জামাকাপড় কিনেছি। অসহায়-দুস্থ ও বিভিন্ন দিনমজুর এসব জানা স্বাচ্ছন্দ্যে কিনে নেন। স্বেচ্ছাসেবীরাও পাচ্ছেন প্রশংসা।

গাংচিল বয়েজ ক্লাবের সদস্য মারুফ আহম্মেদ বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে অসহায় মানুষদের খাদ্যের পাশাপাশি বস্ত্রেরও অভাব রয়েছে। এদিকে সমাজে অনেক মানুষ রয়েছে যারা অল্প কিছুদিন কাপড় ব্যবহার করে ফেলে রাখেন, যেগুলো হয়তো আর ব্যবহার করা হয় না। সেই ফেলে রাখা পোশাক তাদের বাসায় গিয়ে সংগ্রহ করে নিম্ন-আয়ের বিভিন্ন মানুষের মাঝে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে ঈদ আনন্দ যাতে তাদের মনেও ঢেউ তুলা যায় সেজন্যেই এই উদ্যোগ।

মীর জাহিদ নামের আরেকজন জানান, স্থানীয় শাকুয়াই স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুবকদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে ও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নিত্যপ্রয়োজনীয় কাপড় অনেকের বাসায় বাসায় গিয়ে সংগ্রহ করে ক্লাবের সদস্যরা। অনেক সময় কাপড়গুলো ধৌত, আয়রন এবং প্যাকিং করে নিম্ন-আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়। এসবের ব্যবস্থাপনায় যেই টাকা খরচ হয় সেগুলো নিজেরাই বহন করেন।

এ বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়ক পল্লব হাসান প্রান্ত বলেন, ১০ টাকায় ঈদ বাজারে রয়েছে বড়দের ও শিশুদের জামা কাপড় ছাড়াও পাঞ্জাবিসহ আরো বেশকিছু পণ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতিতে অসহায় মানুষদের ঈদ আনন্দ যেন ভেস্তে না যায় সেই লক্ষে ১০ টাকার বিনিময়ে অসহায়দের হাতে এসব পণ্য তুলে দিতে কাজ করছি। অসহায়রা যাতে জিনিস ক্রয় করে অনুভব করেন, তিনি কারও দয়ায় নয় বরং নিজের টাকায় কিনে ঈদ উদযাপন করছেন।

কাপড় বিক্রির এই ১০ টাকা মসজিদে দান করে দেয়া হয়। তাদের এই উদ্যোগ চলমান থাকবে বলেও জানান সংগঠনটির প্রধান সমন্বয়ক পল্লব হাসান প্রান্ত।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!