ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে কলেজছাত্রীসহ ২ নারীর আত্মহত্যা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ২০ এপ্রিল ২০২৩
চাঁদপুরে কলেজছাত্রীসহ ২ নারীর আত্মহত্যা
ফাইল ছবি

চাঁদপুর শহরের মিশন রোড এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার বাসা থেকে গৃহকর্মী ও পুরাণবাজার এলাকায় এক কলেজছাত্রীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে এ ঘটনাগুলো ঘটে। 

জানা যায়, চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ড মিশন রোড এলাকার আঁখি হাউজের চতুর্থ তলার ভাড়াটিয়া মাহমুদা আক্তার বিথীর ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করতেন কুলসুম খাতুন (১৯)। তিনি মাগুরা জেলার পলিতা থানার সত্যবানপুর গ্রামের আলমগীর হোসেন বিশ্বাসের মেয়ে। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে কুলসুম খাতুন তার কক্ষে ঘুমাতে চলে যান। রাতের কোনো এক সময় তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভোররাতে মাহমুদা আক্তার বিথী সেহরি খেতে উঠে কুলসুম খাতুনকে ডাকাডাকি করলে কোনো শব্দ না পেয়ে কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান কুলসুম খাতুন গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে ওসি আবদুর রশিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা কুলসুম খাতুনের মরদেহ উদ্ধার করেন।

অপরদিকে, একই দিন বিকেলে চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বর্ষা গাজী বাড়ি থেকে চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কেয়া আক্তারের মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড়। কেয়া আক্তার (১৮) কী কারণে আত্মহত্যা করেছেন তা কেউ বলতে পারেননি।

Advertisement

কেয়ার মা জানান, তিনি হাঁটতে ঘরের বাইরে গেলে এ সুযোগে কেয়া তার শয়ন কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি বাড়িতে এসে দেখেন কেয়ার কক্ষের দরজা বন্ধ। তখন তিনি বাইরের জানালায় উঁকি দিয়ে দেখেন তার মেয়ে ফাঁস দিয়ে ঝুলে আছেন। তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে দরজা ভেঙে কেয়াকে নামিয়ে ফেলেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পুরান বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে কেয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। মৃত কেয়ার পিতা ঢাকায় একটি হোটেলে চাকরি করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, গৃহকর্মী ও কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে তারা কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!