গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বালুয়া তালতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের এনামুল হকের ছেলে রোহান উদ্দীন, একই গ্রামের বখরের ছেলে ইদ্রিস আলী এবং অটোরিকশা চালক গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জবের হোসেনের ছেলে লতিফ।
.png)
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। পথে বালুয়া তালতলা এলাকায় বাসটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরে কোমরপুর এলাকায় বাসটিকে আটক করেন স্থানীয়রা।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, এ দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। অপর একজনের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।