ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে বজ্রপাতে প্রাণ গেল ৬ কৃষকের

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ২৩ এপ্রিল ২০২৩
হাওরে বজ্রপাতে প্রাণ গেল ৬ কৃষকের
ফাইল ছবি

সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ছয় কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় এ ঘটনা ঘটে।

ডেইলি বাংলাদেশকে পৃথকভাবে সংশ্লিষ্ট তিন থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, রোববার দুপুরে ছাতক উপজেলার দেবের গাও গ্রামের কৃষক মম মিয়াহি, বড়কাপন এলাকার কৃষক আরশ আলী ও চরমহল্লা গ্রামের কৃষক আব্দুস সামাদ সকালে ধান কাটতে যান। এ সময় হাওরে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

Advertisement

এছাড়া দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরো দুই কৃষকের মৃত্যু হয়। মৃত কৃষকরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও মিলন মিয়া। একইদিন তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামে আরেক কৃষকের মৃত্যু হয়। এ সময় বজ্রপাতে আরেক কৃষক আহত হন। রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পুকুর কান্দি গ্রামের হাছন আলীর ছেলে।

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, হাওরে ধান কাটতে গিয়ে তাদের মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার জানান, বজ্রপাতে একজন কৃষক নিহত ও একজন আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!