ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের বারইকরণ গ্রামের ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- একই ইউনিয়নের মো. রাজু, মো. সাজু হাওলাদার, সেলিম গোমস্তা, লাল চান হাওলাদার, কুদ্দুস হাওলাদার, সাইফুল ইসলাম, মো. সোহাগ, এনামুল হক, জাহিদুল ইসলাম, মো. আল-আমিন, মো. শফিকুল হাওলাদার, মো. হানিফ খান, মো. হাচান খান এবং শহিদুল হাওলাদার।
আহতরা ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
সদর থানার ওসি নাসির উদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর ও মহদিপুর নয়ারাস্তা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে।