মঙ্গলবার রাজাপুর থানায় মামলাটি করেন নিহত আবদুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন। এ ঘটনায় আটক চারজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শুক্তাগড় ইউপির জগাইরহাট এলাকার মো. সজল হোসেন, মো. মিজান ও মো. শাহজাহান খলিফা এবং খুলনার দৌলতপুর রেলগেট এলাকার মো. হাসান।
.png)
জানা যায়, গত সোমবার রাতে সাবেক ইউপি সদস্য আবদুর রব হাওলাদার ও তার চাচাতো ভাই বেলায়েত হাওলাদার বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মামলার আসামিরা আবদুর রব ও বেলায়েতকে ছুরি, রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। শুক্তাগড় ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলামের নির্দেশে ওই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। এরই মধ্যে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মামলার চার আসামিকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।