আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ করার পর রেল লাইন মেরামত, স্লিপার বসানো ও টেকনিক্যাল কাজ শেষে ঢাকামুখী আপলাইনে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে উদ্ধার কাজ চলাকালীন সময়ে আপলাইনে ট্রেন চলাচল না করলেও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার শহর বাইপাস দারিয়াপুরে এলাকায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের সাতটি বগির চাকা লাইনচ্যুত হয়। এর পরপরই আপ লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
.png)
এদিকে উদ্ধার কাজের দায়িত্বে থাকা রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক জানান, দুর্ঘটনার পরই আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবীরকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীর প্রকৌশলী জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী ঢাকা-২ সিরাজ জিন্নাত এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল।
আগামী তিন কার্যদিবসের মধ্যে রেলওয়ে ব্যবস্থাপক ঢাকা বরাবর তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।