মুঠোফোনে উত্তর দিতে গিয়ে যুবক আটক, ২ পরীক্ষার্থী বহিষ্কার
বগুড়ার সোনাতলা উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্র থেকে হৃদয় আহম্মেদ নামে এক যুবককে আটক করা হয়েছে। পরীক্ষার্থীদের থেকে প্রশ্ন সংগ্রহ করে মুঠোফোনে উত্তর সরবরাহ করায় তাকে আটক করা হয়। একই সঙ্গে দুই পরীক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজলার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ডেইলি বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট ও উপজেলা ইউএনও সাঈদা পারভীন।
.png)
আটক হৃদয় আহম্মেদ উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা।
সাময়িক বহিষ্কার হওয়া দুই পরীক্ষার্থী হলেন- উপজেলার ভিকেনের পাড়া উচ্চ বিদ্যালয়ের কুমারি শ্রাবন্তী রাণী ও আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিনা জাহান।
ইউএনও বলেন, মঙ্গলবার পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করার সময় ওই কেন্দ্রের এক পাশে কয়েকজনকে একত্র অবস্থায় দেখা যায়। সেখানে গিয়ে হৃদয়কে আটক করা হয়। তিনি শিক্ষার্থীদের থেকে প্রশ্ন সংগ্রহ করে মুঠোফোনে উত্তর সরবরাহ করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, এ সময় দুই পরীক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা মুঠোফোন নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। তাদেরকে পরীক্ষা কেন্দ্রের সচিব সাময়িক বহিষ্কার করেন।